
চাচাতো ভাইয়ের গুলিতে প্রাণ গেল ইউনিয়ন বিএনপির আহ্বায়কের
উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৬০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তার আপন চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লা তাকে গুলি করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার চরের জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরু মোল্লা ও তার চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বিরু মোল্লা বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে জহুরুল ইসলাম মোল্লার বাড়িতে যান। এ সময় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
এক পর্যায়ে জহুরুল ইসলাম মোল্লা আগ্নেয়াস্ত্র দিয়ে বিরু মোল্লাকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।